ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ
সূত্রঃ বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনা নগরীর ব্যস্ততম ও প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের পথে। ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে ক্লাবের পাশ দিয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সরু গলিপথটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ড্রেন ও সংকীর্ণতার কারণে পথটি স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। গলিপথটি চলাচলের উপযোগী হলে ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত যাতায়াতে সময় কমবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলেও সুবিধা হবে।
তবে সরু ও তুলনামূলক নির্জন পথটি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কাও করছেন স্থানীয়দের কেউ কেউ। তাদের মতে, মাদক কারবারি, অস্ত্রধারী কিংবা অপরাধীচক্র যাতে পথটি ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি প্রয়োজন।
এলাকাবাসী আশা করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সুনাগরিকদের সম্মিলিত সহযোগিতায় পথটি নিরাপদভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হবে।
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তারা তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।









