ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
সূত্রঃ সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মন্দির এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভুল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।
আহতদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা হলেন ভুল্লী উপজেলার কচুবাড়ি গ্রামের রনজিত রায়, নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রহ্মচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে আহত হয়েছেন আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রানী, দক্ষনাথ রায় ও সোহাগ রায়।
স্থানীয়দের ভাষ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রতিমা স্থাপনের প্রস্তুতি নিতে গেলে ইসকন ধর্মাবলম্বীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে নয়জন আহত হন।
তবে সংঘর্ষের কারণ ও কারা প্রথম হামলা চালিয়েছে, সে বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হন। এরপর প্রায় ১৫ বছর মন্দিরটিতে পূজার সময় ১৪৪ ধারা জারি করা হয়।
পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তবে এবার পূজা শুরুর আগেই নতুন করে সংঘর্ষের ঘটনায় মন্দিরে দুর্গাপূজা আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমকে/বিএম২৪









