জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
সংগৃহীত
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। একই সঙ্গে অনুষদটির অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, জনবল সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চারুকলা অনুষদের আয়োজনে ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
চারুকলা অনুষদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানে চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও অনুষদটির সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চারুকলার বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের মধ্যে থাকা শিল্পীসত্তার বিকাশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জাতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। শিল্পকর্ম মানুষের ভাবনা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জনকে সহজে প্রকাশ করতে পারে। তাই শিল্পী ও শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান, যাতে বাংলাদেশের মানুষ চারুকলা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে স্বতন্ত্রভাবে বিবেচনা করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যকে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রশাসন কাজ করছে।
জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে শিল্পচর্চায় ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জাতির গুরুত্বপূর্ণ অর্জন ও ঐতিহাসিক ঘটনাবলি শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুলে ধরতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে জাতীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলবেন এবং জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগ থেকে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ থেকে দেবব্রত ভৌমিক প্রথম স্থান অর্জন করেন।
এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









