জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: বিডি মেইল

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মো. নাজিম উদ্দীনকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। ঘটনার সাত দিন পর মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলার লুদরপুর এলাকায় নাজিম উদ্দীনের ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে নাজিম উদ্দীন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে।


এতে নাজিম উদ্দীন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।


কুলাউড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার


এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের কাটারকোনা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মাসুম মিয়া জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৯ আরও জানিয়েছে, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।