চার দিনের ছুটিতে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল, মহাসড়কে যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
চার দিনের ছুটিতে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল, মহাসড়কে যাত্রী ভোগান্তি

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:


টানা চার দিনের সরকারি ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে উত্তরবঙ্গের উদ্দেশে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যাত্রী বাড়লেও গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকেই চন্দ্রা ও চান্দনা চৌরাস্তাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা দেয়। বুধবার ভোর থেকে পরিস্থিতি আরও স্পষ্ট হয়, যখন হাজারো যাত্রী উত্তরবঙ্গগামী বাসের অপেক্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে ভিড় করেন।

সরকারি দুই দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক আরও দুই দিনের ছুটি মিলিয়ে মোট চার দিনের অবকাশ পেয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই সুযোগে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছুটছেন তারা। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। মহাসড়কে দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস কাউন্টার ও মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এমকে/বিএম২৪