কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক বিএসএফের

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক বিএসএফের

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি



কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা সংলগ্ন সীমান্ত দিয়ে আজিবর রহমান ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করেন।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছাকাছি ভারতীয় অংশে প্রবেশের পর বিএসএফের নজরে পড়েন ওই যুবক। তিনি এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভুল করে সীমান্ত অতিক্রম করেছিলেন বলে জানা গেছে।

আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



এমকে/বিএম২৪