২০ আগস্ট শুরু প্রথম নৌযান শুমারি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘নৌযান শুমারি-২০২৬’ নামে এ কার্যক্রমের মাঠপর্যায়ের মূল তথ্য সংগ্রহ শুরু হবে আগামী ২০ আগস্ট। চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য এ শুমারির মাধ্যমে সংগ্রহ করা হবে। নৌযান খাতের নির্ভরযোগ্য পরিসংখ্যানের ঘাটতি পূরণ, একটি পূর্ণাঙ্গ ডেটাবেইস তৈরি এবং দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বিবিএস এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর যৌথভাবে শুমারিটি বাস্তবায়ন করছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে শুমারির মূল তথ্য সংগ্রহে নিয়োজিত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৌযান শুমারি কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. আরিফ হোসেন শুমারি নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। তিনি জানান, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারা দেশে মাঠপর্যায়ে সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।
বিবিএস কর্মকর্তারা জানান, নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ও অর্থনীতিতে নৌপরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে দেশে চলাচলকারী নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান এতদিন ছিল না। এই ঘাটতি পূরণ করতেই প্রথমবারের মতো দেশব্যাপী এ শুমারি আয়োজন করা হচ্ছে।
শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের নৌযানগুলোর একটি পূর্ণাঙ্গ ডেটাবেইস তৈরি করা হবে। ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে এ ডেটাবেইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নৌযান ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেও এসব তথ্য সহায়ক হবে বলে জানিয়েছে বিবিএস।
এবারের শুমারিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মাঠপর্যায়ের গণনাকারীরা ট্যাবলেটের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন।
শুমারির সার্বিক কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে ওয়েবভিত্তিক ইন্টিগ্রেটেড সেন্সাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস)। এর মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিবিএস সদর দপ্তরে স্থাপিত নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) থেকে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে। সংগৃহীত তথ্যের গুণগত মানও সরাসরি যাচাইয়ের ব্যবস্থা থাকবে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে শুমারির কন্ট্রোল রুম ও আইটি সাপোর্ট টিম কাজ করবে। প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রমে তৈরি হওয়া জটিলতা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এমকে/বিএম২৪








