রাজশাহীতে ৫ বিদ্যালয়ে কেউ পাস করেনি
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪১ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
শূন্য পাসের হারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহীর তিনটি, নওগাঁর একটি এবং জয়পুরহাটের একটি বিদ্যালয় রয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে বিষয়টি উঠে আসে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন, বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন এবং মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
এ ছাড়া নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে নয়জন এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশ নেয়। এই দুই প্রতিষ্ঠানের ফলও শতভাগ অকৃতকার্য।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাসের হার পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানই এমপিওভুক্ত। প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক-কর্মচারীও রয়েছে। ফলে সরকারি সুযোগ-সুবিধা ও জনবল থাকার পরও কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এক বছরের ফলাফলের ভিত্তিতে শিক্ষার মান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ফলাফল, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের পদ্ধতি এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলোও পর্যালোচনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শূন্য পাসের কারণে প্রতিষ্ঠানগুলোর এমপিও স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন। তিনি বলেন, আপাতত এমপিও স্থগিতের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। তবে আগামী এক-দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নোটিশ দেওয়া হবে।
এমকে/বিএম২৪








