অক্টোবর মাসে সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, ৩১ মামলা; গ্রেপ্তার ২৩, পলাতক ৯

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
অক্টোবর মাসে সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, ৩১ মামলা; গ্রেপ্তার ২৩, পলাতক ৯

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। চলতি বছরের অক্টোবর মাসে জেলাজুড়ে ৯৪টি অভিযান পরিচালনা করে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৯ জন আসামি পলাতক রয়েছেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, মাসজুড়ে পরিচালিত ৯৪টি অভিযানের মধ্যে নিয়মিত মামলা হয়েছে ১৭টি এবং মোবাইল কোর্টের মাধ্যমে মামলা হয়েছে ১৪টি। সব মিলিয়ে মামলার সংখ্যা ৩১টি।


অভিযানগুলোতে মোট ৩২ জন আসামির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হলেও ৯ জন আসামি পলাতক রয়েছেন।


অক্টোবর মাসে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৩ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা, ১৪ বোতল বিয়ার, ৬ বোতল বিদেশি মদ, ৮২ লিটার চোলাই মদ এবং ৩ হাজার ৭০০ লিটার ওয়াশ।


এ ছাড়া মাদকসংশ্লিষ্ট একটি মুঠোফোন সেট ও নগদ ২ লাখ ১৪ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।


এমকে/বিএম২৪