ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিনের প্রশ্ন: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিনের প্রশ্ন: তথ্য উপদেষ্টা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক




অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্যেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে।


তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।


শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।


তথ্য উপদেষ্টা আরও বলেন, পরবর্তীতে ভারতের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।


তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে হওয়া উচিত নয়; এ সম্পর্ক হতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।




এমকে/বিএম২৪