বেরোবিতে ছাত্র পরামর্শ দপ্তর ও ৩ হলের দায়িত্বে নতুন ৪ শিক্ষক
সূত্রঃ সংগৃহীত
কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং তিনটি আবাসিক হলের প্রভোস্ট হিসেবে চার শিক্ষককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি পরিবহন পুলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।
বিজয় ২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ। এর আগে এ দায়িত্বে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরিফ। দায়িত্ব পালনকালে তিনি হলের আবাসিক শিক্ষার্থীদের আস্থা অর্জনের পাশাপাশি হলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অবদান রাখেন।
শহীদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহ্সীনা আহ্সান। এর আগে এ দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. জিন্নাতুল বাশার। এর আগে এ দায়িত্বে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। দায়িত্ব পালনকালে তিনিও হলের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
গত ১৮ সেপ্টেম্বর থেকে এসব নিয়োগ কার্যকর হয়েছে। তবে ২০ সেপ্টেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে চার শিক্ষকের নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।
এমকে/বিএম২৪









