শিবিরের গুম নাটকের প্রতিবাদে জাবি শাখা ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:২০ পিএম
শিবিরের গুম নাটকের প্রতিবাদে জাবি শাখা ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

গুমের নাটক সাজিয়ে অপপ্রচার, নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে ছাত্র শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের করেন তারা। পরে যদি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’, ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, গুম একটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। হাসিনা সরকারকে হালকাভাবে দেখানোর জন্য বিরোধী দল এ ধরনের নাটক সাজিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এটি দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র কি না তা সরকারকে খতিয়ে দেখতে হবে।

একই সঙ্গে তিনি বিরোধী দলকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। এসময় শিবিরের ভণ্ডামির তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকাশ্য ও প্রতিযোগিতামূলক রাজনীতির পক্ষে মত দেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে ঐক্য ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির যে সুযোগ সৃষ্টি হয়েছিল, ছাত্রশিবির তা নষ্ট করছে। তারা বিএনপি ও ছাত্রদলকে জড়িয়ে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করলেও, সম্প্রতি ছাত্রশিবিরের এক নেতার তারেক রহমানকে নিয়ে করা উসকানিমূলক মন্তব্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলতে পারে।

পরিশেষে তিনি সকল ছাত্রসংগঠনকে অপপ্রচার ও সংঘাতের রাজনীতি পরিহার করে, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।