বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ বৈঠকে অংশ নেয়। আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


বৈঠকে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম ছাড়াও সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।


বৈঠকে পোশাকশিল্পে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।


বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।



এমকে/বিএম২৪