রাজধানীতে ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
রাজধানীতে ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা মহানগরীর মোট ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিনজন করে পুলিশ সদস্য।

ঝুঁকিপূর্ণ ৩৭টি ভোটকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে বডি ক্যামেরা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, গৃহীত এসব নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

বা/মে২৪/ফা