১০ গুণ বেশি পারিশ্রমিক ইমরান হাশমির, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৬ এএম
১০ গুণ বেশি পারিশ্রমিক ইমরান হাশমির, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৪ আগস্ট)। প্রায় দুই দশক পর মুক্তি পেল ২০০৭ সালের ‘আওয়ারাপন’ সিনেমার এই সিক্যুয়েল। এতে আবারও শিবম পন্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি।


সিনেমাটি মুক্তির পর আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিষয়টিও। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এ অভিনয়ের জন্য ইমরান হাশমি পেয়েছেন প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি। মূল সিনেমায় তার পারিশ্রমিক ছিল আনুমানিক ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ প্রায় দুই দশকে তার পারিশ্রমিক বেড়েছে কয়েক গুণ।


সিক্যুয়েলটিতে ইমরান হাশমিই সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনয়শিল্পী। অন্যদিকে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দিশা পাটানি পেয়েছেন প্রায় ৫ কোটি রুপি।


অভিজ্ঞ অভিনেত্রী শাবানা আজমিও রয়েছেন সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রতিবেদনে বলা হয়েছে, তার পারিশ্রমিক প্রায় ২ থেকে ৫ কোটি রুপির মধ্যে। ফলে পারিশ্রমিকের দিক থেকে দিশা পাটানি শাবানা আজমির চেয়ে এগিয়ে রয়েছেন।


‘আওয়ারাপন ২’-এ ইমরান ও দিশা পাটানি ছাড়াও অভিনয় করেছেন সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অন্যরা। তবে পার্শ্বচরিত্রে অভিনয় করা শিল্পীদের পারিশ্রমিকের তথ্য প্রকাশ করা হয়নি।


২০০৭ সালে ‘আওয়ারাপন’ পরিচালনা করেছিলেন মোহিত সুরি। এবার অবশ্য পরিচালনার দায়িত্বে রয়েছেন নিতিন কক্কর। সিনেমাটির গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। নতুন গল্প ও চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের কাহিনি এগিয়ে নেওয়া হয়েছে। সিক্যুয়েলে ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’-এর মতো গানও রাখা হয়েছে।


মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। দীর্ঘ সময় পর শিবম পন্ডিত চরিত্রে ইমরান হাশমির প্রত্যাবর্তনই সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।