বাবা-মায়ের শোক পেরিয়ে তারকাখ্যাতির শীর্ষে ভুবন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৮ পিএম
বাবা-মায়ের শোক পেরিয়ে তারকাখ্যাতির শীর্ষে ভুবন

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক



২০২১ সাল। করোনাভাইরাস মহামারির ভয়াবহ সময়ে মাত্র এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারান ভারতের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। ১১ মে মারা যান তার বাবা, আর ১০ জুন না ফেরার দেশে পাড়ি জমান মা। পরপর দুই প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েন ভুবন। তার সাজানো জীবন যেন মুহূর্তেই এলোমেলো হয়ে যায়।


ততদিনে ইউটিউবার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভুবন। ‘বিবি কি ভাইনস’ চ্যানেলে নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘ সময় তাকে মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।


ধীরে ধীরে সেই শোক কাটিয়ে ঘুরে দাঁড়ান ভুবন। বরং আগের চেয়েও শক্ত অবস্থান তৈরি করেন বিনোদন জগতে। ২০২১ সালেই নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিরিজ ‘ঢিন্ডোরা’, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর ২০২৩ সালে ডিজনি প্লাস হটস্টারে ‘তাজা খবর’ সিরিজে অভিনয় করেও প্রশংসিত হন তিনি।


এবার আরও বড় পরিসরে হাজির হচ্ছেন ভুবন। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘দ্য রেভ্যুশনারিজ’-এ তাকে দেখা যাবে প্রধান চরিত্রে। মঙ্গলবার প্রকাশিত টিজারের মাধ্যমে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটি।


নিখিল আদভানি পরিচালিত ‘দ্য রেভ্যুশনারিজ’-এ ভুবনের সঙ্গে অভিনয় করেছেন ‘লাপাতা লেডিস’খ্যাত প্রতিভা রানতা, রোহিত শরাফ, গুরফাতে পিরজাদা, জেসন শাহসহ আরও অনেকে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে সিরিজটির গল্প, যেখানে উঠে আসবে একদল তরুণ বিপ্লবীর সংগ্রামের কথা।


বর্তমানে মূলধারার অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছেন ভুবন। এ কারণে ইউটিউবিং আপাতত বন্ধ রেখেছেন তিনি। ২০১৫ সালে ‘বিবি কি ভাইনস’ যাত্রা শুরু করে। এখন পর্যন্ত চ্যানেলটিতে ১৯৫টি ভিডিও প্রকাশ করেছেন তিনি। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ৬৫ লাখের বেশি। ইনস্টাগ্রামেও তার অনুসারীর সংখ্যা ২ কোটির ওপরে।


শুধু ওয়েব সিরিজ নয়, বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন ভুবন। ‘কুকু কি কুন্ডলি’ নামের একটি সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বির সঙ্গে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। পাশাপাশি নেটফ্লিক্সের ‘ঢিন্ডোরা’র দ্বিতীয় সিজন নিয়েও কাজ করছেন তিনি।


অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের পরিচিতি তৈরি করছেন ভুবন। চলতি মাসেই নিজের পারফিউম ব্র্যান্ড ‘সরকার’ চালু করেছেন তিনি। সব মিলিয়ে একসময় বাবা-মাকে হারানোর গভীর শোকের মধ্যে ডুবে যাওয়া সেই ভুবন বাম এখন বিনোদন ও ব্যবসা—দুই ক্ষেত্রেই নিজের শক্ত অবস্থান তৈরি করে এগিয়ে চলেছেন।




এমকে/বিএম২৪