রাজশাহীতে বিএনপি ছাড়লেন ৩০ নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম
রাজশাহীতে বিএনপি ছাড়লেন ৩০ নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।

রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বলেন, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর দলে তিনি নিজেকে একা মনে করছেন। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, জামায়াত কর্মী ও সমর্থকদের প্রতি যত্নশীল এবং তাদের রাজনৈতিক দর্শন তাকে আকৃষ্ট করেছে।

যোগদান অনুষ্ঠানে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ইসলামের পথে কাজ করাই মূল লক্ষ্য। জামায়াতে কাজ করতে হবে—এমন বাধ্যবাধকতা নেই, তবে দীনের পথে থাকা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বা/মে২৪/ম