মাজার জিয়ারত, বৃক্ষরোপণ ও জুমার নামাজ: বাগেরহাটে ব্যস্ত সময় কাটালেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
মাজার জিয়ারত, বৃক্ষরোপণ ও জুমার নামাজ: বাগেরহাটে ব্যস্ত সময় কাটালেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

শুক্রবার (১৯ জুন) বাগেরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দিনের শুরুতে তিনি পির খানজাহান আলী (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মাজারের পুকুরে ওজু করে মাজারে প্রবেশ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে সাংবাদিক ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বাগেরহাটের উন্নয়ন নিয়ে দলের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এনসিপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটে একটি আধুনিক টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে খানজাহান আলী মাজারকে কেন্দ্র করে পর্যটন, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় একটি সমন্বিত মাজার কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলার স্বাস্থ্যখাত বর্তমানে নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং উন্নত চিকিৎসা সুবিধার ঘাটতি দূর করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এনসিপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

মাজার পরিদর্শন শেষে নাসির উদ্দিন পাটোয়ারী ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকায় যান। সেখানে ঘোড়াদিঘির পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি মুসল্লিদের সঙ্গে ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

সফরের পুরো সময়জুড়ে এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন। তাদের উপস্থিতি ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিভিন্ন স্থানে তারা ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন। ফলে ঐতিহাসিক বাগেরহাটের ধর্মীয় ও পর্যটনকেন্দ্রিক স্থানগুলোতে রাজনৈতিক কর্মচাঞ্চল্যের এক ভিন্ন আবহ সৃষ্টি হয়।