নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজ-এর সহায়তা ডেস্ক ও পরিচ্ছন্নতা অভিযান
মোঃ জাহেরুল ইসলাম:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজ’। আজ ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা হাজারো শিক্ষার্থীর ভোগান্তি লাঘবে একটি বিশেষ সহায়তা ডেস্ক (হেল্প ডেস্ক) স্থাপন করে সংগঠনটি।
সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ সারা দেশ থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা এবং সুপেয় পানি, কলম ও টিস্যু বিতরণের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেন সংগঠনের তরুণ প্রতিনিধিরা।
শুধু ভর্তিচ্ছুদের সহায়তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার পর সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের দায়িত্বশীলতার এক দারুণ নজির দেখিয়েছে সংগঠনটি। পরীক্ষা শেষে দেখা যায়, বিপুল জনসমাগমের কারণে ক্যাম্পাসের আশেপাশের এলাকায় পানির বোতল, টিস্যু, চিপসের প্যাকেট ও কাগজসহ প্রচুর ময়লা-আবর্জনা জমে গেছে। পরিবেশের এই বিপর্যয় রোধে তাৎক্ষণিকভাবে একটি ‘পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেন সংগঠনের সদস্যরা। তারা পুরো ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা ঝাড়ু দিয়ে এবং পড়ে থাকা ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলে চারপাশ সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেন।
সংগঠনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের বিষয়ে উপদেষ্টা আরিফুল ইসলাম আরিফ সরকার ও মোঃ মোজাম্মেল পারভেজ যৌথ বিবৃতিতে বলেন:
"উত্তরবঙ্গের শিক্ষার্থীরা সব সময়ই মেধা ও মনন দিয়ে দেশের কল্যাণে কাজ করে। আমাদের ছোট ভাইয়েরা আজ যে সেবামূলক ও সচেতনতামূলক কাজ করেছে, তা প্রশংসার দাবিদার। আমরা সব সময় শিক্ষার্থীদের কল্যাণে এভাবে পাশে থাকতে চাই।"
সংগঠনের সভাপতি মোঃ সবুর আলী এবং সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে আসা নতুন শিক্ষার্থীদের ঢাকা শহরের অচেনা পরিবেশে যেকোনো সমস্যায় গাইড করতেই তাদের এই আয়োজন। আর পরিচ্ছন্নতা অভিযানটি ছিল তাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।
সংগঠনটির সমন্বয়ক আনিসুর রহমান বলেন,
আমরা শুধু একটি ছাত্র সংগঠন নই, আমরা একটি পরিবার। নতুন ভাই-বোনদের স্বাগত জানানোর পাশাপাশি আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব।
এই মানবিক ও সেবামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নাইমুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ ইসলাম, ইমরান, কাদের, পিয়াস, মোস্তাফিজুর, কাদের, মনির, রাকিব, আরিফ, মিলনসহ নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা কলেজের শতাধিক স্বতঃস্ফূর্ত সাধারণ শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার্থী ও উপস্থিত অভিভাবকেরা সংগঠনটির এই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।








