কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থক যুবকের মর্মান্তিক আত্মহনন
ডেস্ক রিপোর্ট:
গলায় ফাঁস দিয়ে এক ব্রাজিল সমর্থক যুবকের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়। নিহত রতন (১৯) স্থানীয় হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ সময় বাড়ির লোকজন তার কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় রতন একজন ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন। স্থানীয়দের দাবি, নরওয়ের কাছে ব্রাজিলের হারে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। নিহত রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী বলেন, ‘আমরাও শুনেছি, সে একজন ব্রাজিল সমর্থক ছিল। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।’
কয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে শুনেছি ছেলেটি আত্মহত্যা করেছে। তবে ব্রাজিলের সমর্থক হওয়ার কারণে আত্মহত্যা করেছে কি না, তা আমার জানা নেই।’
কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবার ও স্থানীয়রা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। মৃত্যুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়।’








