কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী মাইনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও ৪
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
আলিম পরীক্ষা শেষে নতুন স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিলেন মাইন উদ্দিন। কিন্তু বিধিবাম, বাড়ি ফেরা আর হলো না তার। নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান এই মেধাবী পরীক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন (২১) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার একজন আলিম পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় রাশেদিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রে অংশ নেন মাইন উদ্দিন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের প্রচণ্ডতায় অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তাৎক্ষণিক ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঘটনার বিচারের দাবিতে লক্ষ্মীপুর-চৌরাস্তা আঞ্চলিক সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একটি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাইন উদ্দিনের এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও স্বজনরা। স্থানীয়রা মহাসড়কে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।








