রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করলেন এনসিপির দুই নারী এমপি
মোঃ জাহেরুল ইসলাম:
ঢাকার রায়ের বাজার বধ্যভূমি এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (বিকেলে) তারা সেখানে উপস্থিত হয়ে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গণকবরে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এরপর তারা যান ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-এ, যেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত এই স্থাপনায়ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।









