রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীর, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নতুন রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সরকারের উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব স্থায়ী কমিটি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছে।
স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর দলের পক্ষ থেকে কে রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে যদি একক প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
বৈঠকে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমানসহ অন্য নেতারা।
বৈঠকে সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং আসন্ন সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সম্ভাব্য বাংলাদেশ সফর এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপির রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে পারে।








