গ্যাসের দাম বাড়ছে না, গুজবে কান না দেওয়ার আহ্বান

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
গ্যাসের দাম বাড়ছে না, গুজবে কান না দেওয়ার আহ্বান

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রকাশিত সংবাদের পর জনমনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা স্পষ্ট করেছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।


শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং মূল্য বৃদ্ধিরও কোনো পরিকল্পনা নেই।


সংস্থাটি সবাইকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


এদিকে, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা পূরণে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। এতে জ্বালানি খাতে ভর্তুকির চাপও বৃদ্ধি পেয়েছে।


সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটেই বিষয়টি পরিষ্কার করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।