নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

সূত্রঃ ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি


নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।


শনিবার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।


সমাবেশে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে প্রতিহত করবেন। একই সঙ্গে তিনি এনসিপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বলেন, এসব বক্তব্যে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।


এর আগে মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নগরীর চাষাঢ়া এলাকা থেকে শুরু হয়ে ২ নম্বর রেলগেট প্রদক্ষিণ করে মিশনপাড়ায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ অন্যান্য নেতারা।


উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তাকে প্রতিহত করার বিষয়টি বিএনপি নেতাদের বক্তব্য। এ বিষয়ে এনসিপি বা নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।