২৪ বছর পরও অক্ষত মরদেহ, কুমিল্লায় চাঞ্চল্য

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:৪৬ এএম
২৪ বছর পরও অক্ষত মরদেহ, কুমিল্লায় চাঞ্চল্য

সূত্রঃ ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবি। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।


শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা গেলে স্বামীর কবরের পাশেই তার কবর খনন করা হচ্ছিল। এ সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে মানুষের ভিড় জমে।


কবর খননে অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য, মরদেহটি প্রায় আগের অবস্থাতেই ছিল এবং কাফনের কাপড়ও অক্ষত দেখা যায়। ঘটনাটি দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।


স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়। জীবদ্দশায় তিনি একজন ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং চাল-আটার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।


উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সেভাবেই রেখে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।


ঘটনার পর স্থানীয় অনেকেই এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তবে দীর্ঘ সময় পর কোনো মরদেহ অক্ষত থাকার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা ফরেনসিক বিশেষজ্ঞের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বিষয়টির বৈজ্ঞানিক বা সরকারি ব্যাখ্যা এখনও নিশ্চিত হয়নি।