খিলগাঁওয়ে মারধরের তিন দিন পর পানি ব্যবসায়ীর মৃত্যু
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে মারধরের শিকার হয়ে গুরুতর আহত এক পানি ব্যবসায়ীর তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের নাম কামরুজ্জামান খান দিপু (৪০)। শনিবার (১ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ জুলাই খিলগাঁও রেলগেটের ছাপড়া মসজিদ এলাকার বাসার সামনে থেকে কয়েকজন ব্যক্তি দিপুকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মৃত্যুর পর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের দায়িত্বরত পুলিশ বিষয়টি থানাকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ঈদের সময় অভিযুক্তদের সঙ্গে দিপুর বিরোধ সৃষ্টি হয়েছিল। স্বজনদের দাবি, সেই বিরোধ মিটে গেলেও একই ঘটনার জের ধরে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা সামসুউদ্দিন জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিপু বাসা থেকে বের হওয়ার সময় তার কাছে ২০ টাকা চেয়েছিলেন। এরপর আর তিনি জীবিত ফিরে আসেননি।
তার অভিযোগ, খিলগাঁও রেলগেট এলাকায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত দিপুকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে আইসিইউতে শয্যা না থাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দিপু খিলগাঁওয়ের ব্লক-সি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।









