কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সূত্রঃ ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক পুলিশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আমিরুল ইসলাম (২৯)।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘুষুরি এলাকায় স্থানীয় লোকজন ৯ পিস ইয়াবাসহ বাবলু গাইনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তথ্যমতে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে।
একই রাতে পৃথক অভিযানে আরও ২ পিস ইয়াবাসহ রনি পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, কালিগঞ্জ থানার এসআই বিপ্লব হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ আমিন হোসেন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।









