রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টির আহ্বান

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টির আহ্বান

সূত্রঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে এগিয়ে যেতে পারে না।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে এম. বি. এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।


রাষ্ট্রপতি এ সময় সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, ম্যাব দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সংগঠনটি গবেষণামূলক তথ্য-উপাত্তের মাধ্যমে জনগণকে সচেতন করা এবং গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


রাষ্ট্রপতি বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, ম্যাবের মতো পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সংগঠনটির দক্ষ ও যোগ্য সদস্যদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টিও রাষ্ট্রপতি তুলে ধরেন।


সাক্ষাৎকালে ম্যাবের প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ সময় তাদের সহযোগিতার আশ্বাস দেন।


প্রতিনিধি দলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির এবং গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।


এ ছাড়া সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪