বাংলাদেশিদের ভিসা সহজ করতে লাওসকে অনুরোধ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে লাওসের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে বাংলাদেশ ও লাওসের মধ্যে প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা (এফওসি) অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং লাওসের পক্ষে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আনোউপার্ব ভংনরকেও।
সভায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়ন, কূটনৈতিক প্রশিক্ষণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ইকো-ট্যুরিজম, জলবায়ু পরিবর্তন, কনস্যুলার সেবা ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ, শ্রম সহযোগিতা, তরুণ কূটনীতিক বিনিময় এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও ঐকমত্য হয়েছে।
এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশই মনে করে, বর্তমান বাণিজ্যের পরিমাণ তাদের সম্ভাবনার তুলনায় অনেক কম। এ কারণে বাণিজ্যে বৈচিত্র্য আনা, বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ। লাওস বাংলাদেশের ওষুধশিল্প ও কৃষিপণ্যের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে লাওসের সহযোগিতার প্রশংসা করে বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে দেশটির অব্যাহত সমর্থন কামনা করেছে।
অন্যদিকে, বাংলাদেশকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) সদস্য হওয়ার আকাঙ্ক্ষায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে লাওস।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। জলবায়ু অভিযোজন ও প্রশমন কৌশল নিয়ে অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা বিনিময়ের বিষয়েও তারা একমত হয়েছে।
সভা শেষে বাংলাদেশ ও লাওসের প্রতিনিধিদলের প্রধানরা একটি যৌথ দলিলে স্বাক্ষর করেন।
এমকে/বিএম২৪









