পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

যশোর প্রতিনিধি



যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।


নিহতরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।


স্থানীয় মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুদের দাদি স্থানীয়দের নিয়ে পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


তিনি জানান, পুকুরটিতে সাধারণত খুব বেশি মানুষ গোসল করতে যায় না। যারা যান, তারা গোসল শেষে দ্রুত ফিরে আসেন।


বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেওয়ার সময় তাদের কারও হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।


বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



এমকে/বিএম২৪