ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে নির্বাচন কমিশন। ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এ কারণে ৩১ জুলাই পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে বা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূরক ভোটার তালিকার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি এতে রয়েছে। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ প্রসঙ্গে আখতার আহমেদ জানান, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র নেয়নি।
এমকে/বিএম২৪








