১০০ টাকার গরুর মাংসের ভাতের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
মাত্র ১০০ টাকায় গরুর মাংসসহ ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









