গণিত অলিম্পিয়াড বিস্তারে সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৫ এএম
গণিত অলিম্পিয়াড বিস্তারে সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়। জবাবে প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে ‘অ্যাকটিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব দেওয়া হলে তাতেও সম্মতি জানান তিনি।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য আইইএলটিএসের আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

এ সময় আইএমও ও ইজিএমওতে পদকজয়ী কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আইএমও ও ইজিএমওতে ব্রোঞ্জ পদকজয়ী মনামী জামান, আইএমও রৌপ্য পদকজয়ী মো. রায়হান সিদ্দিকী এবং ব্রোঞ্জ পদকজয়ী জাওয়াদ হামীম চৌধুরী, মোহাম্মদ মারজুক রহমান, তাহসিন খান, এম. জামিউল হোসেন ও ইজিএমও ব্রোঞ্জ পদকজয়ী সাজি সেহনাই।