ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম ও উপসর্গে মৃত্যু ৯৫০ ছাড়াল
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে তিনজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৯ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এমকে/বিএম২৪









