কুড়িগ্রামে ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির সাতটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই অনেকে কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট দেন। পছন্দের প্রার্থীকে জয়ী করতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন সদস্যরা।
নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরাও কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্য ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম মন্ডল বলেন, ১৯৯৭ সালের নির্বাচনের পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় ৩০ বছর পর ভোট দিতে পেরে ভালো লাগছে। এ নির্বাচনের মাধ্যমে সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক। মানবতার সেবায় সবাইকে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচন কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪









