সেনাপ্রধানের উপস্থিতিতে কোর অব মিলিটারি পুলিশের অধিনায়ক সম্মেলন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
সেনাপ্রধানের উপস্থিতিতে কোর অব মিলিটারি পুলিশের অধিনায়ক সম্মেলন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


কোর অব মিলিটারি পুলিশ (সিএমপি) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) এবং আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৃথকভাবে সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


আইএসপিআর জানায়, কোর অব মিলিটারি পুলিশের সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোরটির ঐতিহ্য ও অবদানের প্রশংসা করেন।


আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান এর সদস্যদের অভিনন্দন জানান।


পরে আরভিঅ্যান্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশ নিয়ে সেনাপ্রধান কোরটির ঐতিহ্য ও দেশের সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ কোরের ভূমিকার প্রশংসা করে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর তাগিদ দেন।


সম্মেলনে সেনাসদর, সাভার এরিয়া এবং সংশ্লিষ্ট কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪