কাঠমান্ডুতে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১২৭ যাত্রী

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৪ এএম
কাঠমান্ডুতে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১২৭ যাত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগমুহূর্তে কারিগরি ত্রুটির কারণে বাতিল হয়েছে। এতে ফ্লাইটটির প্রায় ১২৭ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।


রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে বিজি৩৭২ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ আগে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।


ফ্লাইটের যাত্রী এস এম নুরুজ্জামান জানান, উড্ডয়নের কিছুক্ষণ আগে ত্রুটির কথা জানিয়ে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে অপেক্ষা করতে বলা হয়। দীর্ঘ সময় অপেক্ষা করলেও শুরুতে ফ্লাইট কখন ছাড়বে বা বিকল্প ব্যবস্থা কী হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ দেখা দেয়।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, কারিগরি ত্রুটির কারণে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়।


তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।


বাবুল আক্তার আরও জানান, কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হয়। প্রথম ফ্লাইটে থাকা প্রায় ১২৭ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে নিতে পরবর্তী ফ্লাইট ব্যবহারের প্রস্তুতি চলছে। একই সঙ্গে যাত্রীদের দ্রুত দেশে পৌঁছে দিতে বড় একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে আনারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।