ভিক্ষা করতে গিয়ে ধরা, সঙ্গে ৫৫ লাখ টাকা
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীকে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা।
বুধবার (১৩ আগস্ট) জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়। পরে সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষা করতেন। ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে রাখার পাশাপাশি তিনি তা বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। এভাবেই তার কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়।
তবে তিনি কতদিন ধরে ভিক্ষা করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তার জাতীয়তার বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। অসহায়দের সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও নাগরিকদের অনুরোধ করা হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলোর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।
এমকে/বিএম২৪









