সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫
সূত্রঃ সংগৃহীত
এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামের একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহযোগিতা করছে।
তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে এবং আহত শ্রমিকদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চলছে।
এমকে/বিএম২৪









