প্রশ্নফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্য বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় জলকামান ও কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ আগস্ট) বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে করে রাজ্যের রাজধানী রাঁচিতে জড়ো হন। পরে তারা নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং সংস্কারের দাবিতে বিধানসভা অভিমুখে মিছিল করেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করলে কয়েকজন শিক্ষার্থী প্রবল জলধারার মধ্যেও নাচতে শুরু করেন। ঘটনাটি ভারতের সাম্প্রতিক নিট আন্দোলনের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। তিনি গত ২২ জুলাই পদ থেকে পদত্যাগ করেছিলেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোও মিছিলে ছিলেন। তিনি কয়েকদিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। বর্তমানে ছয়জন বিক্ষোভকারী অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, জেপিএসসি ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অনিয়মের অভিযোগ তদন্তে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে সরকার-নিযুক্ত প্যানেলের একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। গতকাল ষষ্ঠ দফার বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এর আগে ১৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার।
রাজ্য সরকারের দাবি, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, তারা ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন। সরকার মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। এ কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, লাঠিচার্জ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে রাঁচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ব্যারিকেড বসানো হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কেও যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিক্ষোভের কারণে রাঁচির অধিকাংশ স্কুলও সোমবার বন্ধ রাখা হয়েছে।
এমকে/বিএম২৪









