সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক




ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগেরও আইনগতভাবে মোকাবিলা করতে হবে বলে জানান তিনি।


মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।


সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি একজন ভালো ক্রিকেটার হতে পারেন। তবে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ থাকার কারণে সাকিবকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেন তিনি।


তথ্য উপদেষ্টা বলেন, সাকিব দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো আইন অনুযায়ী মোকাবিলা করার সুযোগও তিনি পাবেন।


এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা জানিয়েছেন। দেশে ফিরলে তাঁর সব নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।


জাহেদ উর রহমান আরও বলেন, দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ বা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।


তিনি বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যে ব্যক্তিই হোন না কেন, গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাঁর নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।


সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।




এমকে/বিএম২৪