রাষ্ট্রপতি নির্বাচন: বিশেষ অধিবেশন নয়, প্রার্থী চূড়ান্ত হয়নি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন: বিশেষ অধিবেশন নয়, প্রার্থী চূড়ান্ত হয়নি

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন বসছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে বিএনপির রাষ্ট্রপতি পদে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। তবে বিরোধী দল থেকেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নূরুল ইসলাম মনি।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন।


চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য। এ অনুচ্ছেদের বাইরে যাওয়ার সুযোগ নেই। কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে বা দল থেকে পদত্যাগ করলে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে।


জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে ৬ আগস্ট চিফ হুইপ ভোট গ্রহণের জন্য সংসদের সংক্ষিপ্ত অধিবেশন বসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে মঙ্গলবারের বৈঠকের পর তিনি বলেন, বিশেষ অধিবেশন আহ্বান করা হচ্ছে না। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতিমূলক সভা করে নির্বাচন পরিচালনা করবে।


এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে প্রচলিত সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর একটি প্রকৃত অংশগ্রহণমূলক ও কার্যকর রাষ্ট্রপতি নির্বাচন প্রয়োজন ছিল। জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য আরও কার্যকর হতো এবং রাষ্ট্রপতি পদের মর্যাদা ও ক্ষমতা বাড়ত।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

মনোনয়নপত্র জমা: ১৩ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৪টা

মনোনয়নপত্র বাছাই: ১৬ আগস্ট, সকাল ১০টা থেকে

প্রার্থিতা প্রত্যাহার: ১৮ আগস্ট, বিকেল ৪টা পর্যন্ত

ভোট গ্রহণ: ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা




এমকে/বিএম২৪