সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:২১ পিএম
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।


পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও মামলা দায়ের করার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। ইন্টারপোলের রেড নোটিশ বা বিশেষ যোগাযোগের সূত্র ধরে দুবাই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


পুলিশ সদরদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে।


দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়। ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে।


২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।