সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হোটেল মালিককে ১০ হাজার ও ৬ মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হোটেল মালিককে ১০ হাজার ও ৬ মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার টাকা জরিমানা

ফরিদপুর  প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৬ মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সদরপুর উপজেলার শাহজালাল হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানকালে শাহজালাল হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলটির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো এবং নাম্বারপ্লেটবিহীন যানবাহন ব্যবহারের দায়ে ৬টি মামলায় ৬ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ী ও যানবাহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”