মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা কারবার, গ্রেপ্তার ১
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, ইসহাক দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় মুগদা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এমকে/বিএম২৪









