শিশুদের শুধু নাচ-গান নয়, প্রযুক্তি ও খেলাধুলাতেও অংশগ্রহণ করতে হবে’

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শিশুদের শুধু নাচ-গান নয়, প্রযুক্তি ও খেলাধুলাতেও অংশগ্রহণ করতে হবে’

Lনিজস্ব প্রতিবেদক:

জাতি গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নতুন কুঁড়ির প্রতিযোগিতা’ শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। তিনি জানান, এই প্রতিযোগিতার সফল বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে শিশুদের সৃজনশীলতা বিকাশে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “শিশুদের শুধু নাচ-গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত হবে না। তাদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে— যেখানে তারা নিজেদের নতুন চিন্তা, কৌশল ও দক্ষতা তুলে ধরতে পারবে।”

তিনি আরও বলেন, “‘নতুন কুঁড়ি’-মূলক উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করে, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি করে।”

প্রধান উপদেষ্টা মনে করেন, শিশুদের লক্ষ্য কেবল দেশের সেরাদের তালিকায় নাম তোলা নয়; বরং বিশ্ব অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাময় প্রজন্ম হিসেবে নিজেদের পরিচিত করে তোলার সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের শিশুদের মধ্যে এমন মেধা ও সম্ভাবনা রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বমানের উদ্ভাবক, লেখক, খেলোয়াড় ও প্রযুক্তিনেতা তৈরি করতে পারে।”

তিনি শেষে সবাইকে আহ্বান জানান, শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতার পরিবেশ তৈরিতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।