মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, জব্দ ১৫০ কোটি টাকার জাল
ছবি: বিডি মেইল
মো. সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দক্ষিণাঞ্চলের নদ-নদী ও উপকূলীয় এলাকায় অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত এসব অভিযানে ১৫০ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের অবৈধ জাল এবং প্রায় ৭ লাখ টাকা মূল্যের মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে ভোলার খাল এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে দক্ষিণ জোনের আওতাধীন নদ-নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে কোস্ট গার্ড। নিষেধাজ্ঞা সম্পর্কে জানাতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ আহরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে নির্ধারিত সময়ে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা জরুরি। এ জন্য নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ ও অন্যান্য নিষিদ্ধ কার্যক্রম থেকে বিরত থাকতে জেলেসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর **১৬১১১**-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।








