শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের পাশে স্থাপনের দাবিতে ২৫ অক্টোবর মানববন্ধন
ফাইল ছবি
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের পাশে নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে আগামী ২৫ অক্টোবর মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভার শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জেলার সব উপজেলার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান আল নাজির নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, ‘প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের পাশে নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ তারিখ সকাল ১১টায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সকল উপজেলার তরুণ শিক্ষার্থী ও জনতার উপস্থিতি কামনা করছি।’
পোস্টের মন্তব্যে ইমরান আল নাজির আরও লেখেন, ‘অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, এই উছিলায় আমাকে অপছন্দ করতে পারেন। যাই করেন না কেন, আমি অযৌক্তিক কোনো সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না। পুরো জেলার সার্বিক স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলব।’
আগামী ২৫ অক্টোবরের মানববন্ধনে জেলার সার্বিক স্বার্থ বিবেচনায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের পাশে নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।








