শরীয়তপুরের সড়কের বেহাল দশা নিয়ে প্রভার ক্ষোভ
ফাইল ছবি
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি এক ভিডিওবার্তায় তিনি নিজ জেলার সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান। অসুস্থ বাবাকে দেখতে শরীয়তপুরে গিয়ে সড়কের দুরবস্থা দেখে হতাশ হয়েছেন বলে জানান তিনি।
প্রভা বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়ও তিনি শরীয়তপুরে গিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রধান সড়কটির সংস্কারকাজ শুরু না হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
তার ভাষ্য, বৃদ্ধ বাবা-মা ও সাধারণ মানুষকে ঢাকা ও শরীয়তপুরের মধ্যে ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। এমন সড়কে চলাচলের পর নিজেও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন বলে জানান তিনি।
শরীয়তপুরের সন্তান হিসেবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রভা। কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, নিজ জেলার প্রতি ভালোবাসা থেকেই তিনি বিষয়টি তুলে ধরছেন বলেও জানান।
বৃষ্টির প্রকোপ কমে আসায় রাস্তা মেরামতের উপযুক্ত সময় এখন বলে মন্তব্য করেন তিনি। নামমাত্র সংস্কারের বদলে বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ও টেকসইভাবে রাস্তা নির্মাণের দাবি জানান এই অভিনেত্রী।









